চাঁদপুরে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নোয়াখালী, সিলেট, সাভারসহ সারাদেশে চলমান ধর্ষণ, খুন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটি। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের জোড়পুকুর পাড় এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের নিবাহী সদস্য ও ওয়াইডাব্লিউসিএ’র সাধারণ সম্পাদিকা পাপড়ী বর্মনের সভাপতিত্বে এবং জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সচিব কালাচাঁদ দাস অসিতের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বেবী সাহা, ওসিসির প্রোগ্রাম অফিসার তানভির রসিদ, নেটওর্য়াকের নির্বাহী সদস্য কল্পনা সরকার, খুকি চৌধুরানী, ব্লাস্ট জেলা সমন্বয়কারী আমিনুর রহমান, শিশু থিয়েটারের সভাপতি আ. সামাদ খান রাজন, ট্র্যানজেন্ট বাংলাদেশ সিনিয়র ম্যানেজর মনিন্দ্র বর্মন, চাঁদপুর জেলা বাসদের সমন্বয়কারী মো. শাহআলম তালুকদার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র অফিসার মনিটরিং পলাশ কুমার বিশ্বাস ও জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন, এছাড়াও সংবাদিকবৃন্দ, সুশিল সমাজ ও ওয়াইডাব্লিউসিএ স্কুলের অবিভাবকবৃন্দ এবং পল্লী সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সারা দেশে চলমান নারীর প্রতি সহিংসতার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তাই ঘটনাসমূহের যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
৮ অক্টোবর, ২০২০।