ইল্শেপাড় রিপোর্ট
বহুল আলোচিত চাঁদপুর পৌরসভা নির্বাচন আগামি ১০ অক্টোবর। এ উপলক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এবারের চাঁদপুর পৌর নির্বাচনে ১৫টি ওয়ার্ডের মধ্যে ভোট কেন্দ্র ৫২টি, আর ভোট কক্ষ থাকছে ৩শ’ ৫টি। পাশাপাশি অস্থায়ী ভোট কেন্দ্র রাখা হয়েছে ২৩টি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
এবারের নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭ জন পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১শ’ ৪৪ জন ও নারী ভোটার ৫৮ হাজার ৩শ’ ৪৩ জন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে থাকছে কয়েক পর্যায়ের নিরাপত্তা বলয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সার্বিকভাবে ১৫টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব, মো. মেহেদী হাসান মানিক, অলিদুজ্জামান, আজিজুন্নাহার ও মো. উজ্জ্বল হোসেন।
আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ান আনসারের সমন্বয়ে ৩টি মোবাইল ফোর্স ও ১টি স্ট্রাইকিং ফোর্স। র্যাবের ৬টি মোবাইল টিমের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন পুরো পৌর এলাকায়। আইন-শৃঙ্খলা সদস্যরা নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিনসহ পূর্ববর্তী ২ দিন ও পরবর্তী ১ দিন দায়িত্ব পালন করবেন।
এদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে মোট ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বলে জানান পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখছে প্রশাসন। নির্বাচনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে অবস্থান নিবে।
পুলিশ সুপার জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৫২টি কেন্দ্রের মধ্য আমরা ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। বাকি ৩১টি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং পুলিশের সংখ্যা স্বাভাবিক কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।
চাঁদপুর পৌর নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে র্যাব-১১ কুমিল্লার কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব ইতোমধ্যে জানিয়েছেন, নির্বাচন চলাকালে র্যাবের বিশেষ দায়িত্ব থাকে। নির্বাচনের সময় র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। র্যাবকে সবাই সহযোগিতা করলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি প্রত্যাশা করেন।
বিজিবি’র কুমিল্লা উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ফারুকী জানান, নির্বাচনের দু’দিন আগ থেকেই র্যাব ও বিজিবি চাঁদপুর পৌর এলাকার মাঠে পর্যায়ে সক্রিয় থাকবে। কোথাও আইন-শৃঙ্খলার কোনো ধরনের অবনতির সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থাগ্রহণ করা হবে।
গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে তা বন্ধ হয়ে যায়। এরপর করোনার কারণে কালক্ষেপণ হলেও ১০ অক্টোবর হতে যাচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে প্রায় ১৫ বছর পর চাঁদপুর পৌরবাসী পাচ্ছেন নতুন অভিভাবক।
আগামি ১০ অক্টোবর, শনিবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো চাঁদপুর পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৫০ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর পৌরসভার ভোটার এক লাখ ১৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ২৭ জন এবং নারী ৫৮ হাজার ৮৫৯ জন। ১৫ ওয়ার্ডে ভোট কেন্দ্র ৫২টি।
৭ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নিরাপত্তার চাদরে ঢাকছে চাঁদপুর
