চাঁদপুরে জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের মানববন্ধন

ঢাবি ছাত্রীসহ সারা দেশে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে



স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারা দেশে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যেগে ও ওয়াইডব্লিউসিএ সহযোগিতায় শহরের জোড় পুকুর পাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওয়াইডব্লিউসিএ’র প্রধান শিক্ষক কবিতা সাহার সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সচিব কালাচাঁদ দাস অসিত পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেটওয়ার্কের আহ্বায়ক প্রকৌ. মো. দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানী নির্মূলকরন নেটওয়ার্কের নির্বাহী সদস্য পাপড়ী বর্মন, কল্পনা সরকার, পিএম বিল্লাল, মনিন্দ্র বর্মন, আ. সামাদ রাজন, খাইরুল আলম জনিসহ ওয়াইডব্লিউসিএ স্কুলের সকল শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্কুলের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ঘটে যাওয়া ধষর্ণ ও নারী শিশু নির্যাতনের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্ত ঘটতেই থাকবে। তাই উক্ত ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় তার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা, চাঁদপুর শিশু থিয়েটার, স্বপ্নতরু সামাজিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।