স্টাফ রিপোর্টার
চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা বাদামতলা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) ও আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এ ঘটনায় তাদের সাথে থাকা রাহাত (১৬) নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পরপরই স্বজনরা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান।
নিহতের স্বজন ও একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু একটি মোটরসাইকেল করে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ঘুরতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় টিকটক বানানোর জন্য চলন্ত মোটরসাইকেলে মুঠোফোন দিয়ে ভিডিও করছিলেন। তারা টিকটকের ভিডিও করতে করতে একসময় তাদের মোটরসাইকেলটি রাস্তার রঙ সাইটে চলে যায়। এসময় গাছতলার বাদামতলা নামক স্থানে গেলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে করে ওই মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়ে পড়েন।
আহত বন্ধু এবং প্রত্যক্ষদর্শীরা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান জানান, তাদের দু’জনের পুরো শরীরে অনেক আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পেয়েছি। এখানে তাদের মৃতই নিয়ে আসা হয়েছে। আমি তাদের পরীক্ষা-নীরিক্ষা শেষে মৃত দেখতে পাই।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, শুনেছি যে দু’জন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।
১৩ মে, ২০২৩।
