রত্নগর্ভা সম্মাননা পাচ্ছেন ফরিদগঞ্জের রওশন আরা

৫ সন্তানকে উচ্চ-শিক্ষিত ও প্রতিষ্ঠিত করায়

ফরিদগঞ্জ ব্যুরো
গর্ভজাত ৫ সন্তানদের সবাইকে উচ্চ-শিক্ষিত ও প্রতিষ্ঠিত করায় ফরিদগঞ্জের রওশন আরা রত্নগর্ভা মা-২০২২ হিসেবে সম্মাননা পাচ্ছেন। আজ রোববার বিশ^ মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টস আয়োজিত ‘রতœগর্ভা মা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করবেন।
রওশন আরা ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের বিডিআর’র (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) সাবেক হিসাবরক্ষক মরহুম মো. আবুল হোসেনের স্ত্রী ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহকারী সার্জন ডা. মো জহিরুল ইসলামের মা। তিনি তার গর্ভজাত ৫ সন্তানদের সবাইকে উচ্চ-শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাই গর্ভধারিণী মা রওশন আরা রত্নগর্ভা মা-২০২২ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
তার অন্য সন্তানরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা বর্তমানে জার্মানীর আমাজন লজিস্টিকে কর্মরত মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে জাতিসংঘ মিশনে কঙ্গোতে কর্মরত) শামছুন্নাহার, জার্মানীর মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউটে সায়েন্টিফিক প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা মো. শফিকুল ইসলাম এবং উদ্যোক্তা ও বিভিন্ন নারী উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত স্নাতকোত্তর নুরজাহান বেগম।
রওশন আরা ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের শরাফত আলী খাঁ ও বদরুন্নেসা দম্পতির অষ্টম সন্তান হিসেবে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে অদম্য স্পৃহা থাকা সত্ত্বেও মেধাবী এই মা অষ্টম শ্রেণিতে পড়ালেখা চলাকালীন সময়েই ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের মো. কলি মিয়া মিয়াজী ও অজুফা খাতুনের দম্পতির ছোট ছেলে বিজিবির সাবেক হিসাবরক্ষক মো. আবুল হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিশোরী এই পুত্রবধূ স্বপ্ন দেখতেন নিজের সন্তানদের লেখাপড়া শিখিয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখবেন। একজনের সীমিত আয়ের সংসার যৌথ সংসার, শ্বশুর-শাশুড়ি সব কিছুকে সামলিয়ে একক নৈপুন্যে পরম মমতায় সন্তানদের বড় করে তুলেছেন। ৫ সন্তানদের সবাইকে উচ্চ-শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

১৪ মে, ২০২৩।