
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক করেছে কোস্টগার্ড। এসময় দুইটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। গত সোমবার দিবাগত রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান জানান, রাতে আমাদের অভিযানের সময় নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, যদিও আটকরা বলেছেন তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে তারা ড্রেজারে কাজ করেন। তবে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ও টহল সদস্যরা উপস্থিত ছিলেন।
