স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ‘হোটেল গ্র্যান্ড হিলশা’য় চিকিৎসকরা কোয়ারেন্টাইনে থাকবেন। সম্প্রতি ঐ হোটেল কর্তৃপক্ষ সিভিল সার্জন তথা স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি জেনারেল হাসপাতালের যেসব চিকিৎসক করোনা (কোভিড-১৯) রোগী নিয়ে কাজ করবেন তারা ঐ হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। কারণ, ঐসব চিকিৎসকরা বাসায় গেলে তাদের পরিবারের সদস্যরা ঝুঁকির মধ্যে পড়েন। তাই তারা ১৪ দিন গ্র্যান্ড হিলশায় অবস্থান করবেন।
গত ১২ এপ্রিল হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদসহ পরিচালকবৃন্দ সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ’র হাতে এ সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন। ঐ চিঠির অনুলিপি হাসপাতালের সহকারী পরিচালক রোটা. ডা. একেএম মাহবুবুর রহমান, বিএমএ’র সাধারণ সম্পাদক ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহমুদুন নবী মাসুম, আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল ও ডা. আবু সাদাত মো. সায়েমকে দেয়া হয়।
হোটেল কর্তৃপক্ষের এমন উদারতায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর শহরের কবি নজরুল সড়কের চাঁদপুর রোটারী ভবনে অবস্থিত হোটেল গ্র্যান্ড হিলশা। চাঁদপুরের থ্রি স্টার মানের একমাত্র আবাসিক হোটেল এটি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ডাক্তাররা কোয়ারেন্টাইনে থাকবে হোটেল গ্র্যান্ড হিলশায়
