করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সেলফ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং জনসচেতনতার লক্ষ্যে সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মানুষকে ঘরে রাখার প্রাণবন্ত চেষ্টা করছে উপজেলা প্রশাসন। কিন্তু বেশকিছু লোকজন রয়েছেন যারা প্রশাসন ও পুলিশের অবহিতকরণ কার্যক্রম এবং সরকারি বিধি-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।
তারপরও জনগণকে ঘরে রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নেতৃত্বে সর্বাত্মক চেষ্টা করছে প্রশাসন। যারা সরকারি বিধি-নিষেধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলাফেরা করছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইউএনও’র দিক-নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ১১ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন।
দোকান খুলে চা-নাস্তা বিক্রি ও বেকারি খোলা রেখে জনসমাগম সৃষ্টি এবং হোম কোয়ারেন্টাইন না মেনে মোটরসাইকেল যোগে হাওয়া খেতে (ঘোরাফেরা) বের হওয়ার অপরাধে মোট ৪টি মামলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের লোকজনসহ সর্বস্তরের জনসাধারণকে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং উপজেলাবাসীকে জনসচেতনতার লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে নিয়মিত চষে বেড়াচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় তারা সামাজিক দূরত্ব ও সেলফ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে অবহিত করছেন।
যেসব প্রতিষ্ঠান ও যারা সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসমাগম সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া সামাজিক দূরত্ব ও সেলফ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পাশাপাশি হাজীগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছে।
মানুষকে ঘরে রাখার প্রাণান্ত চেষ্টা করছি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে সার্বক্ষনিক পর্যবেক্ষণ ও মনিটরিং করছে উপজেলা প্রশাসন। তিনি উপজেলাবাসীর উদ্দেশে বলেন, আমরা বুঝি সারাদিন ঘরে থাকা অনেক কষ্টকর। তবুও নিজের স্বার্থে এবং পরিবারের স্বার্থে নিজের ঘরে থাকুন।

