স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়েছে।
গত ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি এফআইআরভুক্ত হয়েছে। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন এবং অজ্ঞাতনামা আসামি হচ্ছেন ১২০০ জন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১০০০ থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
২০ আগস্ট, ২০২৪।
