চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, একটু ধৈর্য্য ধরেন, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। আপনারা কোন বিশৃঙ্খলা করবেন না। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মন্দির, ব্যবসা-বাণিজ্যে হামলা করছে- আর নাম দিচ্ছে বিএনপির। আমরা বলতে চাই এ দল শহীদ জিয়াউর রহমানের দল আমরা কোন অন্যায়-অবিচারের সাথে নেই। আওয়ামী প্রেতাত্মারা সাবধান হয়ে যান। কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আর দলীয় নেতৃবৃন্দকে বলবো- আপনারা নিজের হাতে আইন তুলে নিবেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য ও সামছুল আরেফিন।
এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

২০ আগস্ট, ২০২৪।