স্টাফ রিপোর্টার
চাঁদপুর মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও মো. মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলাটি দায়ের করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, ১নং আসামি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং ২নং আসামি একজন ডিজিটাল মিডিয়া উপস্থাপক।
গত ১ ডিসেম্বর ১নং আসামি সাক্ষাৎকার প্রদানকারী উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেন। যা পরবর্তীতে ১নং আসামি তার ভেরিফাই ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন। বাদী তার মামলাতে আরও উল্লেখ করেন ১নং এবং ২নং আসামিদ্বয় সামাজিক প্ল্যাটফর্মে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় স্বজ্ঞানে এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) পরিবার এবং তার কনিষ্ঠতম সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান, অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে ভিডিওটি প্রকাশ এবং প্রচার করেছেন যারা সার্বিকভাবে জিয়া পরিবারের সদস্যদের সাথে সাথে সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।
তবে সোমবার রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের আদেশ হয়নি।
২১ ডিসেম্বর, ২০২১।
