চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির বিকল্প নেই
……..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান
চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ভার্চুয়ালী মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। বঙ্গন্ধুর সোনার বাংলা বির্নিমাণে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই। আজকের এ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়ে যারা দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কারণেই বাংলাদেশ আজ ডিজিটালে রুপান্তরিত হয়েছে।
তিনি আরো বলেন, সবার হাতে-হাতে আজ যে মোবাইল ফোন, ল্যাপটপ আছে, এর মাধ্যমে দূর আলাপন হচ্ছে, এসব কিছুই ডিজিটালের কারণেই সম্ভব হয়েছে। এ ডিজিটালের কারণে আমরা আজ সারা বিশ্বের সাথে সংযুক্ত থাকতে পারছি।
তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে ডিজিটালের বিকল্প নেই। প্রযুক্তির মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান নিয়ে দেশে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে, তরুণ প্রজন্ম নতুন উদ্ভাবনী তৈরি করছে। প্রযুক্তিকে নিয়ে সবাই কাজ করতে হবে। এর মাধ্যমে নতুন নতুন পরিসংখ্যান সম্পর্কে সবাইকে জানতে হবে। আজকের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, বৈষম্যকে দূরে করতে হবে, কম্পিউটার, মেবাইল ডিভাইস নিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা সারা দেশেই প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল সেবা চালু করেছে।
ডা. দীপু মনি আরো বলেন, আগামি বছরের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হবে, শিক্ষা ব্যবস্থার সাফল্য নিয়েই কাজ করছি। যে কোন প্রযুক্তি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মানবসেবার উন্নয়ন করতে হবে। নতুন নতুন ডিভাইসের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। মানুষের অমঙ্গল হয়, এমন প্রযুক্তি ব্যবহার থেকে দূরে থাকতে হবে। ডিজিটালের কারণেই আজ আমাদের হাতের মুঠোয় সব কিছু চলে আসছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ আজ বিশ্বের কাছে এগিয়ে যাচ্ছে, এসব কিছুই সম্ভব হয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। এ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বৈষম্যকে দূরে করে আমাদের ভবিষ্যতের জন্য কাজ করতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং নাট্য ও সংবাদকর্মী এমআর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের মোট ৭০টি স্টল তাদের কর্মকান্ড জনসমক্ষে তুলে ধরেন।

২১ নভেম্বর, ২০২২।