হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান দিয়েছে……মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনের এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে রোববার (২০ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে তিনি এ ডিজিটাল ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ডপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, মো. আ. মতিন খাঁন, মো. আ. গফুর মিয়াজী, মো. হেদায়েত উল্ল্যাহ, মো. আব্দুর করিম, সফিউল্লা পাঠান, মো. হাবিবুর রহমান, আ. রহিম মজুমদার, শেখ ফরিদ, মো. তাজুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, তাফাজ্জল হোসেন ভূঁইয়া। পরবর্তীতে পর্যায়ক্রমে জীবিত ও মৃত সব মুক্তিযোদ্ধাদের এ সার্টিফিকেট ও কার্ড দেওয়া হবে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। তাদের যথাযোগ্য সম্মান করতে হবে। কারণ, তারা জাতির পিতার নেতৃত্বে সমগ্র জাতিকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছেন। আর আমরা পেয়েছি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের এ ঋণ কখনো শোধ করা যাবে না। তাঁরা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান দিয়েছে এবং তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করে সম্মানিত করছেন। এই সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়নসহ সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বিএসসি প্রমুখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সুধী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

২১ নভেম্বর, ২০২২।