প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে রোল মডেল
………. মো. মাজেদুর রহমান খান
শাহ্ আলম খান
‘বাড়ছে সেবার মান বহর গ্রাম হবে শহর’ এই স্লোগান চাঁদপুরে ডিজিটাল সেন্টার জনগণের দোরগোড়ায় সেবার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টার জনগণের দোরগোড়ায় সেবার ১০ বছর পূর্তি আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু আয় করার জন্যে জন্ম নয়, দেশকেও উন্নত করতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ তৈরী করতেই আমাদের জন্ম। দেশ তখনই উন্নত হবে, যখন আমাদের মধ্যে দেশপ্রেম থাকবে। নিজেকে জানার মধ্যে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল দেশ গড়ার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে অন্যতম বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে এখন রোল মডেল। এমনও অনেক দেশ রয়েছে যারা এখনও অনেক পিছিয়ে। বর্তমানে আমরা পাশবর্তী দেশ ভারতের থেকেও অনেক এগিয়ে।
তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন, আমাদের প্রতিযোগিতার মাধ্যমে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে। ১৬-১৭ কোটি জনগণের দেশে প্রতিযোগিতা করে ঠিকে থাকতে হবে। মেধা কাজে লাগানোর অসংখ্য সুযোগ রয়েছে। আপনি কাজ জানলে অনেক এনজিও সংস্থাগুলো আপনার পাশে থাকবে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই এর সহযোগিতায় সভার পরিচালনায় ছিলেন চাঁদপুরের আইসিটি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দাউদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, মুঞ্জুর মোর্শেদ, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে আগত ডিজিটাল সেন্টারের উদ্দোক্তারা নানা পরামর্শ প্রদান করেন। আলোচনা সভা শেষে ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
১২ নভেম্বর, ২০২০।
