পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে এ সিদ্ধান্ত
…এসপি মাহবুবুর রহমান
শাহ্ আলম খান
চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে দুই বছর অতিবাহিত হওয়ায় জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ) পুলিশের ২৯ সদস্যকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
পুলিশ বিভাগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মক্ষেত্রে আরো বেশি একাগ্রতা আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদলিকৃতদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ৬ জন এসআই, ৫ জন এএসআই ও ১৮জন কনস্টেবল রয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে জেলার আটটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও রদবদল করা হবে।
জানা যায়, সরকারি চাকরি বিধি উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই, কনস্টেবলরা পদ আঁকড়ে ছিলেন। অন্য কোন স্থানে বদলি করা হলেও ঘুরে-ফিরে অনেকেই আবার ফিরে এসেছেন ডিবি অফিসে। অনেকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগও ছিল। পুলিশের এই রদবদলকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, চাঁদপুরের পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত যারা দু’বছরের বেশি সময় ধরে একই স্থানে চাকরি করছে তাদের অন্যত্র বদলি করা হচ্ছে। এতে করে কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, আগামিতে বিভিন্ন থানায় যারা দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন তাদেরও বদলি করা হবে। আমরা পুলিশ বিভাগকে পরিচ্ছন্ন রাখতে চাই। কোন অবস্থাতেই যেন এখানে যেউ দায়িত্ব অবহেলা বা অনিয়মের সাথে জড়াতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অনিয়মের খবর পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
১০ জুন, ২০২০।
