স্টাফ রিপোর্টার
চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. বেলায়েত হোসেন খান ফুসফুসে সমস্যাজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর মিশন রোড মোড়ে শাহী জামে মসজিদে প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুম মো. বেলায়েত হোসেন খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ছেলে সাংবাদিক সালাউদ্দিন জানান, আমার বাবা বেলায়েত হোসেন আল-আমিন একাডেমীর প্রতিষ্ঠাকাল (১৯৭৮ খ্রিস্টাব্দ) থেকে ২০১৩ সাল পর্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি হোমেপ্যাথিক চিকিৎসা করতেন। ৩৬ বছর আগে তার একবার টিবি রোগ (ফুসফুসজনিত সমস্যায় শ্বাসকষ্ট) হয়। আবার ৩৬ বছর পর এ রোগেই তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, মরহুম মো. বেলায়েত হোসেন খান মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার আব্দুল আজিজ খানের ছোট ভাই।
স্বাস্থ্যবিধি মেনে জানাজায় অংশগ্রহণ করেন মরহুমের বড় ভাই মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার আব্দুল আজিজ খান, স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং অনলাইন সংবাদকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, ছাত্রসহ আত্মীয়-স্বজন। তার মৃত্যুতে নিউ ট্রাক রোড (বটতলা), খান সড়ক, মিশন রোডসহ মরহুমের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে।
মরহুম মো. বেলায়েত হোসেন খান দৈনিক চাঁদপুর দিগন্তের বার্তা সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য কে এম সালাউদ্দিনের বাবা। তার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা যোবায়ের শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
১০ জুন, ২০২০।
