সেবা পেতে হলে সেবা পাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে
…..জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, দুর্নীতি রুখতে হলে সচেতন হতে হবে। সেবা পেতে হলে সেবা পাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেতে হলে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সাধারণ জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্য অধিকার আইন, ২০০৯ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। ২০০৯ সালে তথ্য অধিকার আইন কার্যকর হলেও এখনো অনেকেই এ আইন সম্পর্কে তেমন জানেন না। এখন সরকারি প্রতিটি প্রতিষ্ঠান স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করছে। এখন সরকারি যেকোন দপ্তরের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে। সরকার এখন যেকোন তথ্য পেতে একটি হটলাইন নম্বরও চালু করেছে।
তিনি বলেন, দুর্নীতি রুখতে হলে আমাদের সচেতন হতে হবে। কোন সেবা পেতে হলে সেবা দাতাদের পাশাপাশি সেবাগ্রহীতাদেরও দায়িত্ব রয়েছে। বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে কীভাবে সেবা পাওয়া যায় সেই প্রক্রিয়াও সাধারণ জনগণকে জানতে হবে। জেলা প্রশাসক প্রতিটি দপ্তরে সুশাসন নিশ্চিত করা এবং শুদ্ধাচার চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, মিথ্যা ও দুর্নীতি এ দুইটি শব্দ আমাদেরর ডিকশনারী থেকে বাদ দিতে হবে। তিনি মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মিথ্যা না বলার জন্য পরামর্শ প্রদান করেন এবং এমন একটি সুন্দর আয়োজনের জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
সনাক চাঁদপুরের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ডা. পীযুষ কান্তি বড়ুয়ার পরিচালনায় মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট চাাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
মেলায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সমাজের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত, তথ্য মেলার প্রাসঙ্গিকতা ও এই মেলা থেকে সনাক-টিআইবি’র প্রত্যাশা বিষয়ে বক্তব্য রাখেন টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, নারী অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকারের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন সনাক সদস্য ইসমত আরা সাফী বন্যা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইয়েস গ্রুপের প্রত্যাশা সম্পর্কে বক্তব্য রাখেন ইয়েসের দলনেতা পূজা রাণী সরদার।
মেলার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সনাকের বিশেষ উদ্যোগের আওতায় কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা পলিন।
সনাক সদস্য ইসমত আরা সাফি বন্যার পরিচালনায় সংলাপে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রাশেদা আক্তার।
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক (অ. দা.) নাছিমা আক্তার, টেকনিক্যাল হাইস্কুল প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, খেরুদিয়া কলেজ অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী, উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক খোদেজা বেগম, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাছিনা আক্তার, চাঁদপুর সেন্ট্রাল ইনারহুইল ক্লাব সভাপতি অধ্যক্ষ মাহমুদা খানম, পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা সভাপতি মুক্তা পীযূষ, চাঁদপুর ওয়াইডব্লিউসিএ সাধারণ সম্পাদক পাপড়ী বর্মণ।
এর আগে সরকারি ও বেসরকারি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
দিনব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ৩০টি স্টল স্থান পায়। আলোচনা সভা শেষে এসব স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
১৫ নভেম্বর, ২০২২।
