চাঁদপুর জেলা ইজতেমা ২৪, ২৫ ও ২৬ নভেম্বর

ইজতেমার বিশাল প্যান্ডেল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

 

এস এম সোহেল

আগামি ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমা। দিল্লী নিজাম উদ্দিনের অনুসারী চাঁদপুর জেলা মারকাজ কমিটির আয়োজনে শহরের পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলের মাঠে ইজতেমা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ইজতেমার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। দিন-রাত স্বেচ্ছাশ্রমে কাজ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই মাঠ প্রস্তুত করা হবে বলে জানান আয়োজক কমিটি। তবে ইজতেমা ঘিরে আশপাশের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলের বিশাল মাঠে ইজতেমার বিশাল প্যান্ডেল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দিন-রাতে শতাধিক লোক স্বেচ্ছাশ্রম দিয়ে প্যান্ডেলসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ কাজে সহযোগিতা করেছেন।

তাবলীগ জামাতের স্থানীয় মুরব্বিরা জানান, তাবলীগ জামাতের চাঁদপুর জেলা মারকাসের মুরব্বিদের তত্ত্বাবধানে আগামি ২৪ নভেম্বর ফজর নামাজের পর বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হবে। শনিবার ফজর নামাজের পর মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী ইজতেমা শেষ হবে। আমরা এর আগেও চাঁদপুরে ইজতেমা করেছি। ইনশাল্লাহ এ বছরও সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করা হবে। তবে কোন কারণে তারিখ পরিবর্তন হলে তা জানিয়ে দেয়া হবে।

জেলা ইজতেমার জিম্মাদার আলহাজ মাও. আব্দুর রশিদ তালুকদার জানান, সমস্ত মানব জাতির সুখ-শান্তির কামিয়াবি, সফলতা, দুনিয়া ও আখেরাতের একমাত্র পুরোপুরি দ্বীন ইসলাম মানার মধ্যেই রয়েছে। আর এই পুরা দ্বীন মানবজাতির মধ্যে তখনই আসবে যখন মানুষ দ্বিন ইসলামের জন্য মেহনত করবে। ওই এক মেহনতের অংশ বিশেষ অন্য জেলার ও প্রতিবছরের মতো চাঁদপুর জেলায় আগামি ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাশ্রমে সবাই মাঠ তৈরির কাজ করছেন। নির্দিষ্ট তারিখের আগেই মাঠ প্রস্তুত করা হবে।

 

১৫ নভেম্বর, ২০২২।