চাঁদপুরে দিনে পণ্যবাহী ট্রাক-লরির চাপে তীব্র যানজট

ইল্শেপাড় রিপোর্ট
চাঁদপুরে সুষ্ঠু তদারকি না থাকায় দিনের বেলায় মালবাহী ট্রাক, ট্যাংক-লরি ও পিকআপ ভ্যানের চাপে তীব্র যানজটে জনদুর্ভোগ বেড়েই চলছে। এসব যানবাহনগুলো কোন প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করেই পণ্য নিয়ে অবাধেই প্রবেশ করছে শহরের অভ্যন্তরে। ফলে তীব্র যানজটে চাঁদপুর শহর স্থবির হয়ে পড়েছে।
রোববারও (৪ ফেব্রুয়ারি) চাঁদপুর শহর তীব্র যানজটে প্রায় স্থবির হয়ে পড়েছিলো। ৫/১০ মিনিটের পথ ১ ঘণ্টায়ও যাওয়া যায়নি। যানজটের ফলে পথে দেরি হওয়ায় অনেকে নির্দিষ্ট লঞ্চ না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়ে। বিশেষ করে চাঁদপুর শপথ চত্বর এলাকা ছিলো গতকাল যানজটের অন্যতম। এই শপথ চত্বর পার হতে অনেকে এক থেকে দেড় ঘণ্টাও পার করেছেন। ফলে ঢাকাগামী যাত্রীরা অধিকাংশই নির্দিষ্ট লঞ্চ না পেয়ে পরবর্তী লঞ্চে ঢাকা পৌঁচেছেন।
এছাড়া প্রতিদিনই শহরের কেন্দ্রবিন্দু শপথ চত্বর বা কোর্ট স্টেশন সংলগ্ন বাইতুল আমিন মসজিদের সামনে তীব্র যানজট লেগে থাকছে। বঙ্গবন্ধু রোড, ট্রাক রোড, স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবাণী মোড় ও মেথা রোড এলাকায় যানজট নিত্যনৈমিক্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে বাড়ছে জনদুর্ভোগসহ সর্বসাধারণের সীমাহীন ভোগান্তি। আর লাগামহীন ব্যাটারিচালিত অটোরিক্সার তীব্র চাপ তো রয়েছেই।
যানজটের অন্যতম কারণ- রাস্তার দু’পাশে ভ্যানের বাজার। দিনের বেলা চাঁদপুর শহরের হকার্স মার্কেটের পাশে ভ্যানে পণ্য বিক্রি শুরু হয়। যা চলতে থাকে রাত পর্যন্ত। ফলে রাস্তায় যান চলাচল হয়ে যায় সংকুচিত। বাড়ে যানজট।
এমন পরিস্থিতিতে বেলা বাড়ার সাথে সাথে শহরের অভ্যন্তরে জনসাধারণের প্রবেশ করা দুর্বিসহ হয়ে উঠছে। পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগেই সংশ্লিষ্টদের তা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শহরবাসী। শহরবাসীর দাবি সকাল ৯টা থেকে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বিদ্যালয়মুখী হন। বেলা বাড়ার সাথে সাথে আবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিতে অভিভাবকরা শহরের প্রতিটি সড়কে চলাচল করতে হয়। এছাড়া অফিসমুখী জনবলের সাথে ব্যবসায়ীদের সরব উপস্থিতিই যানজট স্বাভাবিক হয়ে পরছে। তার সাথে মালবাহী ট্রাক, ট্যাঙ্ক লরি, পিকআপ ভ্যানের চাপে নাজেহাল শহরবাসী।
অপরদিকে শহরের অভ্যন্তরে অধিকাংশ সড়কে চলছে সড়ক প্রশস্তকরণসহ উন্নায়নমূলক নানা কাজ। অধিকাংশ ফুটপাতই ব্যবহরের অযোগ্য হয়ে পড়ায় যানজটে ত্রাহী পর্যায়ে পড়ছে শহরবাসী। তার সাথে মালবাহী ট্রাক, ট্যাংক লরি, পিকআপ ভ্যানের চাপ কতটা দুর্ভোগের কারণ, তা কেবল ভুক্তভোগীরা বুঝতে পারছে।
শহরবাসী দাবি করছে, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ ও চাঁদপুর পৌরসভা দিনের বেলায় মালবাহী ট্রাক, ট্যাংক লরি ও পিকআপ ভ্যানের চাপ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী ভূমিকা রাখবে। তাদের দাবি শহরের অভ্যন্তরে দিনের বেলায় এসব মালবাহী ট্রাক, ট্যাংক লরি ও পিকআপ ভ্যান চলার নিয়ম না থাকলেও তা মানছে না এসব পরিবহনগুলো। জনস্বার্থে কেবল জ¦ালানীবাহী ট্যাংক লরি দিনের বেলায় চলাচল করলেও তা ভোগান্তি পর্যায়ে পরার কথা নয়। এছাড়া জ¦ালানীবাহী ট্যাংক লরিও দিনের বেলা শহরে চলাচল না করলেও হয়। তাদের অন্যান্য পণ্যবাহী ট্রাকের মতো রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচলের নিয়ম বেঁধে দিলে যানজট কমে যাবে অনেক।
শহরবাসী দাবি করছেন, কতিপয় সুবিধাভোগী ইজারাদার তাদের টোল আদায়ের স্বার্থে এসব মালবাহী ট্রাক, ট্যাংক লরি ও পিকআপ ভ্যান দিনের বেলা শহরে প্রবেশের সুযোগ করে দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন, ইজারাদারদের সাথে ট্রাফিক বিভাগের যোগসাজশ থাকায় দিন দিন বাড়ছে এসব গাড়ির চাপ। আর তা বর্তমানে নিয়ন্ত্রণহীন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। যা সাধারণ মানুষের কেবল ভোগান্তিই বৃদ্ধি করছে না, ঘণ্টার পর ঘণ্টা যানজটে কর্মঘণ্টাও নষ্ট হয়ে হচ্ছে।

০৫ ফেব্রুয়ারি, ২০২৪।