সজীব খান
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউপির চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। সব বিভাগই ইউনিয়ন পরিষদের থেকে জনসেবা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ, কমিউনিটি ক্লিনিক, কৃষি, আনসারসহ সকল বিভাগকে পরিষদমুখী করতে হবে। ইউপি সচিব ও হিসাব-সহকারীকে কাজে লাগাতে হবে। ভালো কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। পরিষদের সব সদস্যের সাথে সমন্বয় রেখে পরিষদকে এগিয়ে নিয়ে যেতে চেয়ারম্যানকে কাজ করতে হবে। সরকারের উন্নয়নগুলো জনসমুখে তুলে ধরতে হবে। গ্রাম্য আদালতকে সক্রিয় রাখতে হবে। গ্রাম্য আদালতের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম্য আদালতকে সক্রিয় রাখতে থানা আদালতে মামলার জটিলতা কমে যাবে। মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।
জেলা প্রশাসক নবনির্বাচিত দু’ইউপি চেয়ারম্যানকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে করার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সরকারের এ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা পৌঁছে দিতে হবে। পক্ষ-বিপক্ষ সবাইকে নিয়ে কাজ করলে জনগণের সেবার মান সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। দায়িত্ব সঠিকভাবে পালন করলে জনগণের সেবার মান বৃদ্ধি পাবে।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার আক্তার জাহান সাথীর পরিচালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও দ্বাদশ ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া।
অনুষ্ঠানে দু’নবনির্বাচিত চেয়ারম্যানকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। চেয়ারম্যানরাও জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৩ এপ্রিল, ২০২৩।
