মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পুকুরে থেকে জসিম উদ্দিন বেপারী (৫০) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই এলাকার সর্দার বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন। তিনি ওই এলাকার বেপারী বাড়ির মৃত আলী আজগরের তৃতীয় ছেলে।
জানা গেছে, এদিন আনুমানিক রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অটো চালিয়ে নিজ ঘরে ফিরেন মো. জসিম উদ্দিন বেপারী। এরপর তিনি লুঙ্গি-গামছা নিয়ে পাশের বাড়ির (সর্দার বাড়ি) পুকুরে গোসল করতে যাওয়ার পর প্রায় এক-দেড় ঘণ্টা সময় পার হয়। এসময়ের মধ্যে তিনি নিজ ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে ওই বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, এসআই মো. নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলেন। এসময় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত মো. জসিম উদ্দিনের মেয়ে জাকিয়া সুলতানা জানান, আমার বাবা একজন ভালো মানুষ। গোসল করতে গেছেন। এরপর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এখন তিনি কিভাবে মারা গেছেন, তা আমরা কেউ জানি না এবং মৃত্যুর সময় কেউ দেখেওনি। তাই সবার মনে একটু রহস্য থেকে যায়। তিনি বলেন, পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে জানতে পারব, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, উদ্ধারকৃত জসিম উদ্দিন বেপারীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
১৩ এপ্রিল, ২০২৩।
