চাঁদপুরে দুই মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার
ব্যাপক অনিয়ম, হামলা, মারধর এবং জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগে দুই মেয়র প্রার্থী চাঁদপুর পৌরসভা নির্বাচন বর্জন করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও দুপুর আড়াইটায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক গোপন কক্ষের ইভিএমের বাটন চেপে নৌকা প্রতীকে ভোট দেন। এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা-কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মামুনুর রশিদ বেলাল প্রহসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, সকালে কিছু সময় শান্তিপূর্ণ ভোট হলেও ১০টার পর থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর লোকজন আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে কয়েকজন নিরীহ কর্মী আহত হয়।
এছাড়া ইভিএম পদ্ধতিতে ভোটারদের টিপসই নিয়ে সরকার দলীয় লোকজন গোপন কক্ষে দাঁড়িয়ে থেকে নৌকা প্রতীকে ভোট দেন। আমরা এই প্রহসনের নির্বাচন বয়কট করলাম। এই সরকারের আমলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কখনোই আশা করা যায় না বলে তিনি অভিযোগ করেন।
১১ অক্টোবর, ২০২০।