চাঁদপুরে নতুন বই তুলে দিলেন পরিকল্পনা সচিব

১২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে

শাহ আলম খান
চাঁদপুর শহরের ১২টি বিদ্যালয়ের বই উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও ফরিদগঞ্জের কৃতী সন্তান মো. নুরুল আমিন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে আরো ১১টি বিদ্যালয়ের বই উৎসব যোগদান করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা সচিব মো. নুরুল আমিন বলেন, আজ সারাদেশে সরকারের পক্ষ থেকে ৩৫ কোটি বই দেয়া হচ্ছে। দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বই সংখ্যাও বাড়াতে হয়েছে। যার ফলে সরকারের খরচও বেড়েছে। বছরের প্রথম দিন বই দেয়ার বিষয়ে সরকারের একটি উদ্দেশ্যে ও স্বপ্ন আছে। সেই উদ্দেশ্যে হচ্ছে সবাই শিক্ষিত হবে, কেউ অশিক্ষিত থাকবে না। সবাই দেশপ্রেমিক হবে এবং সবাই দেশের সেবক হবে।
তিনি আরো বলেন, বছরের প্রথম দিনে এতো বই একত্রে বিতরণ করে বিশে^র আরো কোন দেশে রেকর্ড নেই। শুধুমাত্র বাংলাদেশ সরকারই দিয়ে আসছে। আর ধারাবাহিকতা হচ্ছে গত ২০১০ সাল থেকে। শুধুমাত্র বই নয়, সরকার পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য বৃত্তি দিয়েও ব্যাপকভাবে সহযোগিতা করেছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং গণি মডেল উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিনের পরিচালনায় বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং গণি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ অভিভাবকবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. ওয়াহেদ এবং গীতা পাঠ করেন মনি রাণী পাল।
পরিকল্পনা সচিব বই উৎসবে আরো যে ১১টি বিদ্যালয়ে অংশগ্রহণ করেন সেগুলো হচ্ছে- রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৫নং কেজি স্কুল, ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২১নং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২২নং সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেডি দেহলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মর্ডান শিশু একাডেমী।