
স্টাফ রিপোর্টার
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ আগামিকাল শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য কনফারেন্সে সারা দেশের কমপক্ষে ২ হাজার রোটারিয়ান এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। কনফারেন্সে বিভিন্ন দেশের রোটারিয়ানরাও অংশ নেবেন।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান কল্যাণ ব্যানার্জী। এছাড়া রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর গভর্নর রোটারিয়ান খায়রুল আলম, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাবেক জেলা গভর্নররা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান একেএম শামসুল হক দিপু জানান, ৩ ও ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে সারা দেশের রোটারিয়ান ছাড়াও রোটারী ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রোটারিয়ানরা অংশ নেবেন। ইতোমধ্যে রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যদের রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করে কনফারেন্সে যোগদানের জন্য সিলেটে চলে এসেছেন।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটির পরিবেশ অত্যন্ত চমৎকার। ফলে রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা কনফারেন্সে অংশ নিয়ে ভালো ফেলোশীপ করতে পারবেন।
রোটারী গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর জানান, আমাদের রোটারী জেলার ১শ’ ৬৫টি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ডিস্ট্রিক্ট কনফারেন্স সমৃদ্ধ হবে। রোটারিয়ানদের সমৃদ্ধ উপস্থিতি কনফারেন্স সফল হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১শ’ ৬৫টি রোটারী ক্লাব রয়েছে। ঐ ক্লাবগুলোতে প্রায় ৬ হাজার রোটারিয়ানদের মধ্যে অন্তঃত ২ হাজার রোটারিয়ান ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ এ অংশ নেবেন। কনফারেন্সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে একটি বিশেষ সেশন। ঐ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।
এছাড়া কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচন। প্রতিটি ক্লাবের ভোটে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচিত হবেন। সদস্যদের সংখ্যা অনুপাতে প্রতি ক্লাবে ১ থেকে ৪টি ভোট রয়েছে। প্রতিটি ক্লাবের সভাপতি অথবা সেক্রেটারীরা প্রধানত ভোট প্রদান করবেন। ইতোমধ্যে ৪ জন প্রার্থী ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর পদে নির্বাচিত হতে সারা দেশ চষে বেড়াচ্ছেন।
চাঁদপুর জেলা মোট ৪টি রোটারী ক্লাব থেকে অর্ধ শতাধিক রোটারিয়ান কনফারেন্সে অংশগ্রহণ করছেন। ক্লাবগুলো হচ্ছে- চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব ও মতলব রোটারী ক্লাব।
