চাঁদপুরে নদীতে বজ্রপাতে জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনায় বজ্রপাতে মনসুর হাওলাদার নামের এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই আলী আহম্মদ হাওলাদার (৪৮)। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলার কাটাখালী এলাকায় মেঘনা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মনসুর হাওলাদার চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোবিন্দিয়া গ্রামের মৃত ফজল হাওলাদারের ছেলে। আহত আলী আহম্মদ হাওলাদার বর্তমানে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বরাতে স্থানীয় আল আমিন, ভুক্তভোগীদের চাচাত ভাই আবুল কাশেম কালু হাওলাদার জানান, ভোর ৪টায় সদর উপজেলার হরিনা ফেরি ঘাট থেকে নদীতে মাছ শিকারের জন্য ৮ জেলে একত্রে নদীতে যায়। পরে বেলা ১২টায় বাড়ি ফিরে আসার সময় ঘটনাস্থলে বজ্রপাতের শিকার হয় তারা। এ সময় নিখোঁজ মনসুর আহমেদের গায়ে বজ্রপাত হলে তিনি সাথে সাথেই নৌকা থেকে নদীতে ডুবে যান এবং তার পাশে থাকা তার ছোট ভাই আলী আহম্মদ গুরুতর আহত হয়। তবে বজ্রপাতের সাথে সাথেই ঘটনাস্থলে নিখোঁজ মনসুর আহমেদের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। যদিও নৌকায় থাকা অপর ছয়জনের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তারা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নিখোঁজ মনসুরকে উদ্ধারে অভিযান শুরু করে।
এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, আমরা নৌ পুলিশের মাধ্যমে জানতে পারি, নৌকা থেকে পড়ে একজন জেলে নিখোঁজ রয়েছে। তারপর সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, বজ্রপাতের ঘটনায় একজন জেলে নৌকা থেকে পড়ে এখনো নিখোঁজ রয়েছে এবং আহত অপরজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৬ সেপ্টেম্বর, ২০২২।