চাঁদপুরে নিরাপদ সড়ক চাই জেলা কমিটির নির্বাচন সম্পন্ন

লতিফ সভাপতি, রাসেল সম্পাদক

স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক এমএ লতিফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল ২০২২ ও ২০২৩ সালের জন্য ২ বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাংবাদিক এমএ লতিফ ৪০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাও. আবদুর রহমান গাজী পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল পান ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শওকত করিম পান ২৪ ভোট। নির্বাচিত সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল এ নিয়ে টানা ৩ দফায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর শহরের ক্যাফে কর্নারের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু করে একটানা বেলা ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫২ ভোটারের মধ্যে ৫০ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোট প্রদান করেন। ভোটারদের মধ্যে ৬ জন নারী ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী।
এসময় আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। বক্তব্য রাখেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজয়ী সভাপতি সাংবাদিক এম এ লতিফ, বিজয়ী সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, বিজিত সভাপতি প্রার্থী মাও. আবদুর রহমান গাজী ও বিজিত সাধারণ সম্পাদক প্রার্থী মো. শওকত করিম।
এসময় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির বিপুলসংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পড়িয়ে দেন নিকটতম বিজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সংগঠনের সদস্যরাও তাদের মিষ্টিমুখ করান। নির্বাচনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৬ জানুয়ারি, ২০২২।