
শাহ আলম খান
চাঁদপুর সদর মডেল থানায় আগত দর্শনার্থী ও ক্ষতিগ্রস্তদের যে কোন অভিযোগ, জিডি, মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে ‘কোন টাকা লাগে না’ শিরোনামে ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর মডেল থানায় এই ফলক উন্মোচন করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। তিনি পুলিশি সেবার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ শব্দের অর্থই হবে সেবা। আমাদের স্লোগানও হবে একটি সেবা। নতুন বছর থেকে আমরা এই সেবার কাজটিই করতে চাই। আমরা মানুষকে থানামুখী করতে চাই। একজন সেবা নিতে আসা মানুষ যাতে করে থানায় এসে খুব সহজেই সেবা গ্রহন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চাই। আর থানায় এসে তার অভিযোগ, জিডি, মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা লাগে এই বিষয়টি গনমাধ্যমে বেশী করে প্রচার করতে চাই। যাতে করে সাধারণ মানুষ বিষয়টি জানতে পারে।
তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র এই উদ্যোগ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। এটির বাস্তবেও রূপ দিতে চাই। সেজন্য আমরা পরিকল্পনা গ্রহন করেছে জেলার ৮টি থানার ওসির কক্ষ, হাজতখানা ও দর্শনার্থীদের বসার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবো। এটি প্রথম চাঁদপুর মডেল থানায় এবং পরবর্তীতে সব থানায় লাগানো হবে। যাতে করে জেলার ৮টি থানার কার্যক্রম আমলা মনিটরিং করতে পারি। এসব কাজ বাস্তবায়নে পুলিশ সুপার চাঁদপুরবাসী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. হারুনর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
