স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ২শ’ ৭৫ বস্তা চালসহ এক ট্রাকচালক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। চালের বস্তাগুলো বাগাদী রোডের নতুনবাজার হতে কুমিল্লা মুদাফফরগঞ্জ বিকালে পৌঁছানোর কথা ছিলো। কিন্তু চালক সেখানে না গিয়ে পুরো চালের বস্তাসহ ট্রাক নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় রোববার (১৪ নভেম্বর) রাত ৮টায় জিডি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুদাফফরগঞ্জের ব্যবসাযী সুমন চন্দ্র পাল জানান, চাঁদপুরের রোশন অটো রাইস মিল থেকে (ঢাকা মেট্রো-ট-১৩-২১৩৪) নাম্বারের ১টি ট্রাক সড়ক পথে ২৭৫ বস্তা চাউল নিয়ে আমার গদিতে আসার কথা ছিলো। কিন্তু সে ট্রাকটি চালসহ পরবর্তীতে আমার এখানে না এসে ফরিদগঞ্জ-রায়পুর সড়ক দিয়ে গাড়িটি উধাও হয়ে যায়। যা আমরা সিসি টিভিতে দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবহিত করি। এই চাল উদ্ধার না হলে আমাকে পথে বসতে হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, চাল নিয়ে ট্রাক চালক উধাওয়ের বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সুমন থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭৩৫। আমরা ইতোমধ্যে চাল উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।
১৫ নভেম্বর, ২০২১।
