চাঁদপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রিমনের চিন্তায় বাবা-মা পাগলপ্রায়

স্টাফ রিপোর্টার
গত ১৫ দিনেও খোঁজ মিলছে মাদ্রাসা ছাত্র কাউসার হোসেন রিমনের। এদিকে নিখোঁজ ছেলের চিন্তায় তাঁর বাবা ও মা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। গত ২৮ অক্টোবর বিকেলে চাঁদপুর শহরের ট্রাক রোডের গাজীবাড়ির ভাড়া বাসা থেকে খেলাধুলা করতে বের হয় রিমন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন বাবা মারফত আলী।
জানা গেছে, নিখোঁজ রিমনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সদরে। বাবা মারফত আলী এবং মা রুবি বেগম চাঁদপুরে থাকেন। এদের মধ্যে বাবা দিনমজুর এবং মা গৃহকর্মীর কাজ করেন। চার ভাইবোনের মধ্যে রিমন সবার ছোট। শহরের বঙ্গবন্ধু সড়কের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে কাউসার হোসেন রিমন (১২)।
ঘটনার দিন দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরে রিমন। দুপুরের খাবার খেয়ে বিকেলে খেলাধুলার উদ্দেশে বের হয়। কিন্তু তারপর আর ফিরেনি সে।
রিমনের বড়ভাই হোটেল শ্রমিক হুমায়ুন জানান, তার ছোটভাইকে কোথাও না পেয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। রিমনের চিন্তায় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন তারা। নিখোঁজের সময় রিমনের পড়নে নীল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা ছিল। চার ফুট উচ্চতায় মোটামুটি স্বাস্থ্যের অধিকারী তার গায়ের রঙ শ্যামলা।
এদিকে কেউ যদি মাদ্রাসা ছাত্র রিমনের খোঁজ পান তাহলে মুঠোফোনে (০১৩০৯-৩৯৮৬০৯) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

১৫ নভেম্বর, ২০২১।