স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ ও কর্মহীন বিভিন্ন পেশার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে ৮ দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়। বুধবার (৫ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অষ্টম দফা ৫শ’ পরিবারে ত্রাণ (চাল) বিতরণ করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
উপস্থিত কর্মহীন মানুষের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আজ আপনারা যে ত্রাণ পেয়েছেন এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। তাই প্রধানমন্ত্রী আপনাদের সহায়তার জন্য চাঁদপুর জেলার জন্য ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং এই বরাদ্দকৃত টাকা উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে ভাগ করে দিয়েছি। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং আপনাদের কথা ভাবে। যারা সহায়তার জন্য আমাদের ম্যাসেজ দিচ্ছেন তাদের ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছানো হচ্ছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইমতিয়াজ আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, রেশমা খাশংন।
ত্রাণপ্রাপ্তদের মধ্যে ছিলেন মাছ ঘাট শ্রমিক ১শ’ জন, হটলাইনে আবেদনকৃত ৫০জন, সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইক চালক ৫০জন, সমাজতান্ত্রিক শ্রমিক দলের নেতাকর্মী ৫০ জন, মহিলা আওয়ামী লীগ কর্তৃক দুঃস্থ ৭০ জন, শ্রমিক লীগ কর্তৃক দুঃস্থ ৫০ জন এবং অন্যান্য পেশাসহ ৫শ’ ১০ জন।
৬ মে, ২০২১।
