চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে বেদে ও হিজড়া সম্প্রদায়

শাহ্ আলম খান
লকডাউনে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের বেদে ও হিজড়া সম্প্রদায়ের ২শ’ ৫৯ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা (৭ কেজি চাল) দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সহায়তা বেদে ও হিজড়াদের হাতে তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাস্থ্যের কথা চিন্তা করে যেন আমরা বেঁচে থাকতে পারি ও সুরক্ষিত থাকতে পারি সেজন্য সরকার ‘কঠোর লকডাউন’ বিধিনিষেধ দিয়েছে। প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। আপনারা চাঁদপুরের করোনার পরিস্থিতি চিন্তা করে দেখেন সোমবারও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯%। এভাবে করোনা আক্রান্ত বাড়তে থাকলে আমরা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি। এই অবস্থায় আমাদের মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারের বিধিনিষেধ মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্যই আমাদের আজকের এই খাদ্য সহায়তা। এরআগে গত ৪দিন আমরা অসহায় লোকদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। যতদিন আপনারা কর্মহীন অবস্থায় থাকবেন, ততদিন আমরা প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আপনাদের পাশে থাকব।
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এমএ কুদ্দুছ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা (৭ কেজি চাল) দেয়া কাজে সহযোগিতা করেন।

০৭ জুলাই, ২০২১।