আমরা চাই না আপনারা কেউ অনাহারে থাকেন
………….জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
শাহ্ আলম খান
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চাঁদপুরে বিধি-নিষেধ (লকডাউন) চলছে। লকডাউনের কারণে চাঁদপুরে কর্মহীন হয়ে পরা চতুর্থ দিনে ৪শ’ ৭৫ জন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম অঞ্জনা খান মজলিশ উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
৪শ’ ৭৫ জন পরিবারের মধ্যে যারা ত্রাণ পেয়েছেন তারা হলেন- পত্রিকা বিলিকারক, কমিউনিটি পুলিশিং টহল দলের সদস্য, সেলুন কর্মচারী, সিএনজি চালক, হোটেল এন্ড রেস্টুরেন্টের স্টাফ, বন্ধ থাকা বিভিন্ন দোকানের কর্মচারী, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের সদস্য।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ তাঁর সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সরকার আপনাদের প্রতি খুবই সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন। সরকার বার-বার লকডাউন দিচ্ছেন এবং আবার তুলে নিচ্ছেন। এর কারণ হচ্ছে বিষয়টি আমাদের স্বাস্থ্য ও জীবনের সাথে জড়িত। সরকারি নির্দেশনা মানতে গিয়ে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তাও আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের জীবনের কথাটাও চিন্তা করতে হবে।
তিনি আরো বলেন, চতুর্থ দফাসহ এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে সহায়তা দিয়েছে। আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্যা আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই না আপনারা কেউ অনাহারে বা কষ্টে থাকেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি, এনডিসি মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম।
২৫ এপ্রিল, ২০২১।
