স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্ত্রী-সন্তানরা করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ৪ জন কর্মকর্তা হলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, তাঁর স্ত্রী ও সন্তান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর। তাঁদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তাঁর স্ত্রী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তাঁর স্ত্রী-সন্তান ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকি দু’জন চাঁদপুর সার্কিট হাউসে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। চাঁদপুর জেলা প্রশাসকের ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।
ফেসবুকে জেলা প্রশাসক লিখেন, ‘আমরা হার মানবো না, আমরা হারতে শিখিনি-আমরা সকলে মিলে করোনা পরিস্থিতি সামলে উঠবো ইনশাআল্লাহ। করোনার ভয়াল থাবা ক্রমেই আরো ভয়ানক হয়ে উঠেছে।’
তিনি আরো জানান, এ মুহূর্তে চাঁদপুর জেলায় কোন ডিডিএলজি নেই, সিনিয়র অফিসারের মধ্য আছেন নতুন যোগদানকারী একজন অতিরিক্ত জেলা প্রশাসক। বাকি যে কয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন তাঁরা সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশকে সাথে নিয়ে রাত-দিন চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট করে যাচ্ছেন। এর মধ্যে আছে অফিসের রেগুলার কাজ (রিপোর্ট রিটার্ন, বিভিন্ন মিটিং আয়োজন, তদন্ত ইত্যাদি) ত্রাণ বিতরণ। আমার এই ক্লান্তিহীন যোদ্ধারা যাতে হতাশ না হয়, ভেঙে না পড়ে, যাতে নতুন উদ্যমে যাতে কাজ করে যেতে পারে সেজন্য মাঠে উপস্থিত হয়ে প্রেরণা দিয়ে যাচ্ছি।
তিনি আরো জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাঠে সহযোগিতার জন্য গঠন করেছি স্বেচ্ছাসেবক বাহিনী। সে সাথে মাঠে রেখেছি স্কাউটস, রোভার ও বিএনসিসি। আমরা হারবো না, আমরা হারতে শিখিনি। ইনশাআল্লাহ চাঁদপুরে করোনাকালীন এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো। শুধু চাঁদপুরবাসীর নিকট আমাদের অনুরোধ : ‘আমরা আপনাদের জন্য কাজ করছি, আপনারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করুন, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
০১ আগস্ট, ২০২১।
