চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার
বিগত নির্বাচনগুলোর মতো এবারো বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন উৎসবমুখর হয়ে উঠছে। নির্বাচনকে ঘিরে ফটো সাংবাদিকদের সরব উপস্থিতি চাঁদপুর প্রেসক্লাব ভবনে। ভোটগ্রহণ আগামি ৯ ডিসেম্বর, বুধবার।
বুধবার (০২ ডিসেম্বর) ছিলো মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সাধারণ সম্পাদক পদে আগের একজনসহ এদিন নির্বাচনে নির্ধারিত ১০টি পদে ২১জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএইচএম আহসান উল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহ কাজে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার আল ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস। এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- সভাপতি পদে: এম এ লতিফ ও মিজানুর রহমান লিটন। সিনিয়র সহ-সভাপতি : এম এম কামাল, মো. সজিব খান, মুহাম্মদ আলমগীর ও অভিজিত রায়। সহ-সভাপতি : ফাহিম শাহরিন কৌশিক ও শাওন পাটওয়ারী। সাধারণ সম্পাদক- কেএম মাসুদ, শেখ আল মামুন ও সাইদ হোসেন অপু চৌধুরী। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম অনিক। সহ-সাধারণ সম্পাদক- মো. শরীফুল ইসলাম ও আশিক বিন রহিম। অর্থ সম্পাদক- মো. আবদুর রহমান গাজী ও এমআই দিদার। দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি। নির্বাহী সদস্য- বাদল মজুমদার, চৌধুরী ইয়াসিন ইকরাম, এস এম সোহেল ও কে এম সালাউদ্দিন।
নির্বাচন উপলক্ষে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হয়েছে গত ৩০ নভেম্বর। এটি চাঁদপুর প্রেসক্লাব ভবনে তৃতীয় তলায় নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, বেলা ২টা। বাতিলকৃত প্রার্থিতার বিষয়ে শুনানি ৩ ডিসেম্বর, বিকেল ৩ থেকে ৪টা। স্থান: চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়।
মনোনয়নপত্র প্রত্যাহার ৪ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ: ৯ ডিসেম্বর, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ প্রেসক্লাবের তৃতীয় তলায়। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি প্রেসক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
০৩ ডিসেম্বর, ২০২০।