চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি পালিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ থেকে প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে শহরের স্টেডিয়াম রোড, মিশন রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রাতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রা শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন এদেশের জাতি শোষিত, নির্যাতিত জাতি ছিলো। জাতির পিতা সবসময়ই এদেশের মানুষের জন্য চিন্তা করেছিলেন। চিন্তা করেছিলেন একটি মানচিত্র, একটি স্বাধীন ভূখন্ড এবং একটি উন্নত সমৃদ্ধশালী দেশ।
তিনি আরো বলেন, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। ওই ভাষা আন্দোলনেও বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন। পরে তারই নেতৃত্বে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে এবং দেশকে স্বাধীন করে। স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন কিভাবে এদেশ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। তার চিন্তা-ভাবনায় যখন এদেশ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছিলো ঠিক ওইসময়ই জিয়াউর রহমানের চক্রান্তে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়, যেন এদেশের মানুষ আগের অবস্থানে ফিরে যায়। বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে এদেশ ২০০০ সালেই উন্নত জাপানের মত হয়ে যেত। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নত দেশে পরিণত হচ্ছে। আজ বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
আলোচনা সভায় সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় আজ যে মূল বিষয়টা প্রচারের জন্য এই অনুষ্ঠান সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে এবং আমরা ২০৪১ সালের মধ্যে একটা উন্নত দেশের দিকে যে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি সেই ম্যাসেজটাই আমাদের সাধারণ জনগণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াজেদ টিপু, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবিএম রেদওয়ান প্রমুখ।