ফলো আপ
ফরিদগঞ্জ ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যুবলীগের হামলায় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্ত ৭ জনকে আটক করে গতকাল শনিবার চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।
আটকরা হলো- যুবলীগ নেতা সুলতান আহমেদ সবুজ, সাইফুল ইসলাম বেলাল, সাগর হোসেন, শুক্কু মিয়া, জুয়েল হোসেন, সাইফুল ইসলাম রাজন ও রবিউল সানি।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা চলাকালে যুবলীগের নেতাকর্মীরা হামলা করে আওয়ামী লীগ অফিস, তিনটি গাড়ী ও ২৫/৩০টি মোটর সাইকেল ভাংচুর করে। শুধু তাই নয় এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটায়। ওই হামলায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এসব অভিযোগ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ওই রাতেই বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আসামি করা হয়। থানা মামলাটি গ্রহণের পর রাতে চাঁদপুর থেকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ ও ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঐ ৭ জনকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করছেন। ৭ জনকে আটকের পর শনিবার আদালতে পাঠানো হয়েছে।
