আগামি বছর থেকে শিক্ষা ব্যবস্থা আসছে নতুন কারিকুলামে
………….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
সজীব খান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকাল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজের কলেজ শাখার অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজয়ী জাতির বিজয়ী সন্তান হিসেবে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে নতুন ধারায় উন্মোচনের জন্য পদ্মা সেতু করা হয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে হবে, তাদের সম্পর্কে শিক্ষা নিতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছে, তার ত্যাগ ও দেশের প্রতি ভালবাসা নতুন প্রজন্মকে নিবিড়ভাবে জানাতে হবে। বঙ্গবন্ধু যেভাবে মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন আজকের তরুণদের সেভাবে শিক্ষা দিতে হবে।
তিনি আরো বলেন, আগামি বছর থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা আসছে। সে নতুন কারিকুলাম মজা করে শিখতে হবে, সপ্তম শ্রেণির পর অস্টম ও নবম শ্রেণিতে কারিকুলাম পদ্ধতি চালু হবে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে। শিক্ষার্থীদের কোন প্রকার চাপ থাকবে না। আজকের শিশু আগামিদিনের ভবিষ্যৎ, তাদের দেশের আইন-কানুন, নিয়ম, আচার-আচরণ সঠিকভাবে জানাতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা নতুন প্রজন্ম আমাদের উপহার দিবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে এবং ষোলঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই।
খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপে ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব প্রাথমিক গোল্ডকাপে আমানুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেখ বিজয়ী বিজিত দলের হাতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সমাজসেবক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
২৬ জুন, ২০২২।
