স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গ্রামে বজ্রপাতে মো. হাসান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ওই গ্রামের গফুর মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাসান ওই বাড়ির মৃত মো. কামাল উদ্দিন মিজির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহত হাসানের ভাতিজা মো. মারুফ মিজি বলেন, ঝড়ের সময় হাসান বাড়ির পাশের বাগানে আম কুড়াচ্ছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী বলেন, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে নিজ বসতবাড়ির বাগানে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ মে, ২০২৩।
