এস এম সোহেল
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর গত ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ঈদের দিন থেকে শুরু করে ৭ দিন যাবত হাজার হাজার দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা যায়।
দর্শনার্থীরা বাস, ট্রেন, সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস- আবার পায়ে হেটে বড়স্টেশন মোলহেড, নতুন বাজার-পুরান বাজার ব্রিজসহ তাদের আনন্দ ভ্রমণের স্থানে যায়। ঘণ্টার পর ঘণ্টা এরা এই স্থানগুলোতে ঘুরে বেড়ায়। কেউবা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ছুটে গিয়েছিল পদ্মা-মেঘনার উথাল-পাতাল ঢেউয়ের বুকে। আবার কেউ সময় কাটিয়েছে ভ্রাম্যমাণভাবে গড়ে উঠা চটপটির দোকানগুলোতে বসে চটপটি খেয়ে। সকাল থেকে পূর্বাঞ্চল থেকে চাঁদপুর অভিমুখে আসা ট্রেনযোগে অতিরিক্ত যাত্রী হয়ে ঈদুল ফিতরের আনন্দে নিজেকে হারিয়ে ফেলতে যুবক-যুবতি, তরুণ-তরুণী, বৃদ্ধা সব বয়সী মানুষ গত শনিবার ও শুক্রবার বড়স্টেশন মোলহেডে ছুটে এসেছিল।
সেখানে নাগরদোলা, মেরী ঘোড়ার চক্কর বসানো হয়েছিল। এসবে ভ্রমণ করে শিশু থেকে সব বয়সী মানুষই আনন্দ উপভোগ করেছিল। পুরো এলাকাজুড়ে শিশু-কিশোরদের কেনাকাটার জন্য বেশ কয়েকটি খেলনার দোকান বসেছিল। বিশাল এই এলাকাজুড়ে দর্শনার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ।
লক্ষ করা গেছে বড়ষ্টেশন মোলহেডে নির্মিত ইলিশ ও স্বাধীনতার রক্তধারা ভাস্কর্যকে ঘিরে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়েছিল। আবার অনেকেই পদ্মা-মেঘনার মিশ্রিত পানির পাশে দাঁড়িয়ে পরিবার ও মনের মানুষকে সাথে নিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় কাটায়। আবার মুহূর্তের মধ্যেই এরাই ছুটে যায় নৌকা নিয়ে নদীর বুকে।
এভাবেই পবিত্র ঈদুল ফিতরের আনন্দে আত্মহারা হতে চাঁদপুর জেলার সব উপজেলা এমনকি পাশর্^বর্তী জেলা নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলার মানুষও গাড়ি নিয়ে এই স্থানে ছুটে এসেছিল।
ঢাকা থেকে বেড়াতে আসা মেহেদী জানান, চাঁদপুরে ত্রিনদী মোহনার কথা অনেক শুনেছি। কিন্তু এবার ঈদ করার কারণে এখানে আসতে পেরেছি। আসলেই মনোমুগ্ধকর স্থান এটি।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসা ইকবাল হোসেন গাজী জানান, ইলিশের বাড়ি চাঁদপুরের নাম শুনেছেন ইন্টারনেটের মাধ্যমে। সেজন্য তিনি ইলিশের বাড়ি চাঁদপুর দেখার জন্য পরিবার-পরিজন নিয়ে। ঈদুল ফিতরের পরদিন চাঁদপুরে ঘুরতে এসেছেন। এই প্রথম তিনি চাঁদপুরে এসেছেন। ত্রি-নদীর মোহনা তার কাছে মিনি সমুদ্র সৈকত হিসেবে অনেক আনন্দ পেয়েছেন। প্রকৃতির এই লাস্যময়ী রূপ উপভোগ করেছেন। দুপুরের দিকে তিনি চাঁদপুরে আসেন। সন্ধ্যার পূর্ব মুহূর্তে অস্তমিত সূর্যের দৃশ্য অবলোকন করে চাঁদপুর ত্যাগ করেন।
চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ বলেন, ঈদকে ঘিরে পর্যটন এলাকাগুলোতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে। সকাল থেকে চাঁদপুর মডেল থানার পুলিশ সার্বক্ষণিকভাবে দায়িত্বে নিয়োজিত রয়েছে। সবাই ঈদ আনন্দ উপভোগ করে বাড়ি ফিরছেন।
০৩ মে, ২০২৩।
