স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আবারো বেপরোয়া গতির বোগদাদ বাসের চাপায় নাজমা বেগম (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার ঘোষেরহাটস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি চাঁদপুর শহরের ষোলঘর চক্ষু হাসপাতাল এলাকার বাসিন্দা মরহুম ফারুকুল ইসলামের স্ত্রী। তার পিতার নাম মরহুম রুহুল আমিন খান। দাম্পত্য জীবনে তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী।
তার বড় মেয়ে চাঁদপুর সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত। ছোট মেয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত। তার একমাত্র ছোট ছেলে নাঈম ঢাকায় একটি মাদরাসায় নবম শ্রেনিতে অধ্যয়নরত।
জানা যায়, নাজমা আক্তার ১৯৮৯ সালের ১৫ আগস্ট উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি ২০১৩ সালের ২২ জুন সহকারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি লাভ করেন। তিনি ঐ বিদ্যালয়ে প্রায় ৩৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নিহত নাজমা আক্তারের বড় মেয়ে ফারহানা ইসলাম জেরিন জানান, তার মা চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি সিএনজি যোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঘোষের হাট বাজারে বেপোরোয়া গতীর বোগদাদ বাসের ধাক্কায় সিএনজিটি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মা নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকও আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করে এবং নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
এদিকে প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে তার স্বজন এবং সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদপুর মডেল থানায় ছুটে আসে। তাদের কান্না-আহাজারিতে মডেল থানা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনহা, মাহি, আলিছা মৌ জানায়, আমাদের ম্যাডাম খুবই ভালো ছিলেন। তিনি আমাদের নিজের সন্তানের মত স্নেহ করে পড়াতেন। যে বাস চালক আমাদের ম্যাডামকে মেরে ফেলেছে, আমরা তার দৃষ্টাস্তমূলক শাস্তি দাবি করছি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।
এদিকে, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ শিক্ষকবৃন্দ।
২২ নভেম্বর, ২০২২।
