মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৫৭ বোতল বিদেশী মদসহ লাকসামের ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ বাজার এলাকায় একটি সিএনজিচালিত স্কুটার থেকে মদসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা (৩১) ও একই উপজেলার বাজখালি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, এদিন সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ বাজারস্থ হলুদ পট্টির সম্মুখে সন্দেহজনক একটি সিএনজিচালিত স্কুটার তল্লাশি করেন, হাজীগঞ্জ থানার এসআই মিসবাহুল আলম চৌধুরী ও প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় স্কুটারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৫৭ বোতল বিদেশী মদসহ জীবন সাহা ও রুবেল হোসেন নামক দুই মাদক কারবারিকে হাতে-নাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
২২ নভেম্বর, ২০২২।
