চাঁদপুরে বিএনপির সম্মেলনেই নেতৃত্ব নির্বাচন হচ্ছে

নতুন কমিটিকে কেন্দ্র করে কর্মীদের মাঝে বিভক্তি

ইলশেপাড় রিপোর্ট
আগামি ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলনের মধ্যে দিয়ে ৭ বছরের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘটবে। আর সব (৮ উপজেলা ও ৭ পৌরসভা) পর্যায়ের ইউনিট কমিটির কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জেলা বিএনপি জানিয়েছে।
ইতোমধ্যে জেলা সম্মেলনকে সফল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্বকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করছে জেলা বিএনপি। সে মোতাবেক নির্বাচন কমিশন সম্ভাব্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। প্রার্থীরা নিজদের যোগ্যতা প্রমাণে কাউন্সিলরদের কাছে দৌঁড়-ঝাঁপ অব্যাহত রাখছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর চাঁদপুরের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রিয় নেতা আবুল খায়ের ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-সম্পাদক খায়রুল কবির খোকন বলে জানা গেছে।
তবে সম্মেলনের দিনক্ষণ যত কাছে আসছে ততই প্রার্থীদের সমর্থকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। ইতোমধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামানের ঘোলঘরস্থ বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন এই বিএনপি নেতা। তিনি আরো বলেন, নির্বাচন থেকে সরে দাড়াতেই এমন অপর্কমে জড়িয়ে পরছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে মাহবুবুর রহমান শাহীন নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপির কাউন্সিলর না হওয়ায় তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। পরে অবশ্য তিনি সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তোলেন। তবে এই নেতা ইতোমধ্যে সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়র মমিনুল হককে সমর্থন জানিয়েছেন বলে দলটির একাংশের কর্মীদের সূত্রে জানা গেছে।
এছাড়া দীর্ঘ ৭ বছর পর জেলা বিএনপির সম্মেলন যাতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয় এজন্য সভাপতি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়র মমিনুল হক বুধবার এক সংবাদ সম্মেলন করে সম্মেলনকে ঘিরে অভ্যন্তরীণ অভিযোগের তীর তুলে ধরেন।
এমন পরিস্থিতিতে আগামি ২ এপ্রিলের জেলা সম্মেলনকে ঘিরে জেলার রাজনীতিতে সংঘাত-সংঘর্ষের আশঙ্কাও করছেন কেউ কেউ। পরিস্থিতিকে সৌহাদ্যপূর্ণ রাখতে কেন্দ্রিয় বিএনপির হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দরকার বলে দলের প্রবীণ নেতারা মনে করেন। যাতে নিজেদের অভ্যন্তরীণ বিরোধ শেষ পর্যন্ত প্রকাশ্যে রুপ না নেয়।
এবারের সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সভাপতি পদে বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়র মমিনুল হক ও সাবেক জেলা সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরি। সাধারণ সম্পাক পদে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, কাজী গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
এই সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সব ইউনিট হতে মোট ১ হাজার ৫শ’ ১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শেষে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পরবর্তী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
সম্মেলনের দিন শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রথম অধিবেশন ও বিকেল আড়াইটা থেকে ফের ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু।
তারপরই ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কেন্দ্রিয় বিএনপি ঘোষিত ৭১ সদস্যের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটবে। ইতোপূর্বে চাঁদপুর জেলা বিএনপি ২০১০ সালে জেলা সম্মেলনের মাধ্যমে ১শ’ ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিলো। পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ বিরোধের কারণে ঐ কমিটি ভেঙে দেয় কেন্দ্রিয় বিএনপি।
এবারের সম্মেলনে ৩ সদস্যর নির্বাচন কমিশনার হচ্ছেন- প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও কমিশনার অ্যাড. রফিকুল হাসান রিপন।

৩১ মার্চ, ২০২২।