স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মৃধা (১৯) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি ইউনিয়নের উত্তর সেনগাঁও মৃধা বাড়িতে এবং মৈশাদী মিজি বাড়িতে এ দু’টি মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত রুবেল মৃধা বাড়িতে বড় ভাইয়ের মুরগির ফার্ম পরিস্কার করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের একতলা বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। নিহত রুবেল উত্তর সেনগাঁও গ্রামের নাসির মৃধার মেজো ছেলে। সে বাবুরহাট কলেজের প্রথম বর্ষের ছাত্র।
অপর ঘটনাটি ঘটে মৈশাদী নিজের বাড়িতে। রফিকুল ইসলাম বাড়িতে ধান শুকাতে বড় স্ট্যান্ড ফ্যানের চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাটির লুটিয়ে পড়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম খান জানান, একজন ইয়ং ও অপরজন বৃদ্ধ। এ দু’জনকে এক ঘণ্টার ব্যবধানে ইলেক্ট্রিক শকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, নিহতের স্বজনরা এডিএম বরাবর লিখিত আবেদন করলে মৃতদেহ দু’টি ময়নাতদন্ত না কেের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ জুন, ২০২১।
