ফুটবল খেলতে গিয়ে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব রামদাসদী এলাকায় খোলা মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে আরেক বৃদ্ধ। বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এই ঘটনা ঘটে।
মৃত মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা দুজনই পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র সপ্তম শ্রেণির ছাত্র। আহত হাফেজ খান ওই এলাকার কুদ্দুস খানের ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচন্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়। ঠিক ওই সময় বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে নিচে পড়ে। ওই সময় নিহত দুই কিশোরসহ আরো কয়েকজন খেলাধুলা করছিল। তাদের দু’জনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত জানান, হাসপাতালে নিয়ে আসার আগে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আহত ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদের মারধর করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩০ মার্চ, ২০২৩।
