চাঁদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও নকল চাপাতা জব্দ, আটক ২


স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ ও পচা ২শ’ কেজি চা পাতা, বিভিন্ন ব্যান্ডের খালি প্যাকেটে (প্রায় ৫০০টি) নকল চাপাতা জব্দ করা হয়েছে। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ট্রাক রোডের মোস্তান বাড়ির একটি ঘর থেকে মালামালসহ ২ জনকে আটক করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ ১০ হাজার টাকা এবং অপরজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস জেল প্রদান করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাসেদ ও কোস্টগার্ড কমান্ডার আব্দুল মালেক।
জব্দকৃত পলিথিন ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং চাপাতা ধ্বংস করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত জানান, দীর্ঘদিন ওই মোস্তান বাড়ি সংলগ্ন মনসুর মোস্তানের বাড়িতে ভাড়াটিয়া মোতালেব অভিজাত ব্র্যান্ডের চাপাতার প্যাকেট, গ্যাঞ্জির লেবেল লাগিয়ে বাজারজাত করতেন। অভিযানকালে ওই বাসার একটি গোডাউন থেকে ৭৫ বস্তা চাপাতা ও পলিথিন, ২ বস্তা সাদা গেঞ্জি জব্দ করা হয়। একই সময় ওই গোডাউন থেকে ২টি ওজন মাপার যন্ত্র, ১টি প্যাকেজিং মেশিন, মেয়াদোত্তীর্ণের সীল মেশিন জব্দ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নকল পণ্য কারখানার মালিক মোতালেব অভিযানের টের পেয়ে পরিববারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ির মালিকের বোন মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।