স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চান্দ্রা বিলের মধ্যে হাটু পানিতে মিলল এক ক্ষুদ্র ব্যবসায়ীর গলা কেটে লাশ। নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান মজু খাঁ (৬০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার
রাতে চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বিলের মধ্যে। সে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্য বাখরপুর গ্রামের মৃত অলিউল্লা খাঁর ছেলে।
নিহত মজু খা বাখরপুর গ্রামেই চা ও মুদি দোকানের ক্ষুদ্র ব্যবসায়ী ছিল। তার ৪ ছেলে, ২ মেয়ে রয়েছে।
পুলিশ জানান, মো. মজিবুর রহমান মজু খাঁকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। রাত ১০টার চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, মজিবুর রহমান মজু খাঁ মঙ্গলবার বিকালে তার বাড়ির কাছে বিলের মধ্যে মাছ ধরার চাঁই বসাতে গিয়ে নিখোঁজ হয়। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও বাড়ি ফিরে না আসায় স্ত্রীসহ স্বজনরা খুঁজতে সেই বিলের মধ্যে যায়। সেখানে গিয়ে দেখেন মজিবুর রহমান মজু খাঁর গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারছে না বলে জানান। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীকে জানালে তিনি তাৎক্ষনিক চাঁদপুর সদর মডেল থানার ওসিকে বিষয়টি জানান। পরে রাত ১০টার দিকে চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ হাঁটু পানিতে নেমে ঘটনাস্থলে যায় এবং সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর মডেল থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। আমরা লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
২৪ জুন, ২০২১।
