চাঁদপুরে বিশ্ব এইডস দিবস উদযাপন

শাহ্ আলম খান
বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে প্রতিবারের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুরে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইছারুহুল্ল্যাহ্ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের পক্ষে ডা. এম এ গফুর মিয়া ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন।
অতিথিরা বক্তব্যে বলেন, এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশ হতে এইডস রোগটি নির্মূল করার জন্য জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতির আলোকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে আমরা এইডস নির্মূল করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রতিটি এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এইচআইভি সনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের বিনামূলো এইডস এর চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ ভাগ এর নিচে উল্লেখ করে এ হার শূন্যে নামিয়ে আনতে এবং এইডস আক্রান্তদের প্রতি সকল বৈষম্য রোধ করে সরকারি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য সংস্থসমূহের আরো কার্যকর ভূমিকা পালন করলে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কোডিনেশন অফিসার ডা. আনজুম আরা বেগম, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ইউছুফ, সূর্য হাসি ক্লিনিকের ম্যানেজার মো. আবদুস সামাদ খান।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এ দিবসটি পালন করে থাকে। জাতিসংঘের এসটিডি/এইডস বিষয়ক প্রতিষ্ঠান ইউএন এইডসের গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতিদিন সাড়ে ৫ হাজার মানুষ নতুন করে এইডসে আক্রান্ত হন। এর মধ্যে ৫শ’ জনেরই বয়স ১৫ বছরের নিচে। আক্রান্ত ৩২ শতাংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের নিচে, যার ২০ ভাগই নারী। আক্রান্তদের ৬১ ভাগ সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে বসবাসকারী। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট এইডস আক্রান্ত মানুষের সংখ্যা ৩৭ দশমিক ৯ মিলিয়ন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক লোক ৩৬ দশমিক ২ মিলিয়ন। মোট আক্রান্তের ১৮ দশমিক ৮ মিলিয়ন নারী এবং ১ দশমিক ৭ মিলিয়ন শিশু। শুধু ২০১৮ সালে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ দশমিক ৭ মিলিয়ন, যার মধ্যে প্রাপ্তবয়স্ক ১ দশমিক ৬ মিলিয়ন। এ সময়ে এইডস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার মানুষের। যার মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ লাখ ৭০ হাজার এবং শিশু ১ লাখ। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার। এসব রোগীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত হয়ে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৬ হাজার ৬০৬ জন।
০২ ডিসেম্বর, ২০২০।