শাহ্ আলম খান
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্য বলেন, সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।
তিনি আরো বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হবে। উন্নত নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য ও উন্নত পরিসেবা পাওয়ার অধিকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রতিদিন সৃষ্ট মোট বর্জ্যের ১০ শতাংশই প্লাস্টিক বর্জ্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে পতিত হওয়ার ফলে ২০৫০ সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে। বিশ্বজুড়ে প্রতি মিনিটে প্রায় ৩৩ হাজার প্লাস্টিকের বোতল সাগরে গিয়ে পড়ছে। প্রতিকেজি প্লাস্টিক পণ্য উৎপাদনে দুই কেজি কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়। আমাদের ব্যবহৃত প্লাস্টিক পণ্য পরিবেশে মিশে যেতে ২০ থেকে ৫০ বছর সময় লাগে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মানববন্ধনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআইও মো. মনির হোসেন, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মনতাছির মাহমুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, হোটের মালিক সমিতির সভাপতি আবদুল আজিজ দেওয়ান ও ক্যাব প্রতিনিধি বিপ্লব সরকার।
১৬ মার্চ, ২০২১।
