হরিণায় ৩ হাজার কেজি জাটকা আটক

সাইফুল ইসলাম
চাঁদপুরে মাছ পাচারকালে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে হরিণা নৌ-পুলিশ ফাঁড়ি। গত রোববার রাত ৩টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার নদীর পাড়ে হরিণা নৌ-পুলিশের ইনচার্জ এসআই নাসিম হোসেন অভিযান চালিয়ে প্লাস্টিক ব্যারেল বোঝাই মাছগুলো জব্দ করেন।
এসময় নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে নৌ-থানা পুলিশের অন্যান্য সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের সাথে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে সার্বিক সহযোগিতা করে জব্দকৃত জাটকা মাছগুলো উদ্ধার করে হরিণা নৌ-ফাঁড়িতে নিয়ে আসেন। গতকাল সোমবার সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
চাঁদপুরে নৌ-পুলিশ এই প্রথম জাটকার বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছে। চরাঞ্চল থেকে বহিরাগত জেলেরা মাছগুলো নিধন করে বহরিয়া ঘাট দিয়ে উঠিয়ে পাচার করার সময় নৌ-পুলিশ তা জব্দ করে। বহরিয়া মেঘনা নদীর পাড়ে অভিযান চলাকালীন সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলাল উপস্থিত থেকে মাছগুলো জব্দ করে নিয়ে আসেন।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরে পাচার করার সময় ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা নিধন বন্ধে নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে পুলিশের টহল অভিযান দিন-রাত অব্যাহত রয়েছে।
১৬ মার্চ, ২০২১।