চাঁদপুরে বুরো বাংলাদেশের উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবের কারণে দুর্ভোগে পড়া কর্মহীন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বুরো বাংলাদেশ এনজিও সংস্থার উদ্যোগে গতকাল শনিবার ১১টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক (চাঁদপুর অঞ্চল) মোহাম্মদ শাহাদত হোসেন, নির্বাহী পরিচালক (সল) সেলিম রেজা, চাঁদপুর এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আফরোজ মিয়া, চাঁদপুর আঞ্চলিক নিরীক্ষা বিভাগের প্রধান হাফিজুর রহমান ও চাঁদপুর সদর শাখা ব্যবস্থাপক শরিফ মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় চাঁদপুর অঞ্চল ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদত হোসেন জানান, বুরো বাংলাদেশ এনজিও সারা বাংলাদেশে এ পর্যন্ত ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় এ কার্যক্রমের অংশ হিসেবে মোট ৯ শ’ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, সাবান ৩টি ও ২টি মাস্ক বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে ও তিনি আমাদের জানান।

১০ মে, ২০২০।